রিকন্ডিশন্ড ইভি আমদানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের আল্টিমেটাম বারভিডা’র

ফন্ট সাইজ:

ব্যবহৃত ও রিকন্ডিশন্ড ইলেকট্রিক ভেহিকেল (ইভি) আমদানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে শর্তসাপেক্ষে আমদানির সুযোগ দেয়ার দাবি জানিয়েছে শীর্ষ আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স এসোসিয়েশন (বারভিডা)। সংগঠনটি বলছে, তাদের সঙ্গে চূড়ান্ত আলোচনা না করেই সরকার নীতিমালা করেছে। এই নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে ব্যবসায়ীরা আন্দোলন করতে বাধ্য হবে।
গতকাল রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় সংগঠনটি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বারভিডা’র সভাপতি আবদুল হক, সাবেক সভাপতি আবদুল মান্নান চৌধুরী, সাবেক সভাপতি হাবিবুল্লাহ ডন, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুল হক চৌধুরী, হাবিবুর রহমান, শহিদুল ইসলাম, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি মহিবুল ইসলাম, সহ-সভাপতি হাবিবুর।

বারভিডা সভাপতি আবদুল হক বলেন, গত ২৪শে আগস্ট প্রকাশিত নতুন আমদানি নীতিতে ব্যবহৃত ও রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এতে সাধারণ ও মধ্যবিত্ত মানুষের নতুন প্রযুক্তির গাড়ি ব্যবহারের সুযোগ সীমিত হবে। তিনি বলেন, নতুন ইভি’র দাম এখনো মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে। তুলনামূলক কম দামে রিকন্ডিশন্ড ইভি বাজারে পাওয়া গেলে সাধারণ মানুষের পরিবহন ব্যয় কমার পাশাপাশি দেশে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার দ্রুত বাড়বে।
বারভিডা জানায়, ২০০৯ সালে শুল্ক প্রণোদনাসহ নতুন হাইব্রিড গাড়ি আমদানির অনুমতি দেয়া হলেও ব্যবহৃত ও রিকন্ডিশন্ড হাইব্রিড গাড়ি আমদানির অনুমতি দেয়া হয়নি। পরে সংগঠনটির বিভিন্ন উদ্যোগ ও তথ্য-উপাত্ত উপস্থাপনের পর ২০১৬-১৭ অর্থবছরে রিকন্ডিশন্ড হাইব্রিড গাড়ি আমদানির অনুমতি দেয়া হয়। এতে দেশে জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব গাড়ির বাজার সমপ্রসারিত হয়।

বারভিডা জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে শর্তসাপেক্ষে ব্যবহৃত ও রিকন্ডিশন্ড ইভি আমদানির সুযোগ রয়েছে। যুক্তরাজ্যে সর্বোচ্চ ১০ বছর, জর্জিয়ায় ছয় বছর, কেনিয়ায় আট বছর এবং সৌদি আরবে পাঁচ বছর পর্যন্ত পুরনো ইভি আমদানির সুযোগ রয়েছে। নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডে নির্দিষ্ট বয়সসীমা ছাড়াই শর্তসাপেক্ষে আমদানির সুযোগ রয়েছে। ব্যবহৃত ইভি আমদানির ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছরের বয়সসীমা নির্ধারণের প্রস্তাব দিয়েছে বারভিডা। পাশাপাশি ব্যাটারির ন্যূনতম স্টেট অব হেলথ ৭০ শতাংশ নির্ধারণ, অনুমোদিত সংস্থার মাধ্যমে আমদানির আগে গাড়ি পরিদর্শন ও প্রত্যয়ন বাধ্যতামূলক করার প্রস্তাব দেয়া হয়েছে। আবদুল হক বলেন, তারা সরকারের নীতির বিরুদ্ধে নয়। এই শিল্পের জন্য তাদের চাওয়া বাস্তবসম্মত, ভারসাম্যপূর্ণ ও ভবিষ্যৎমুখী নীতি। কিন্তু এই নিষেধাজ্ঞা বাজারকে থামিয়ে দিতে পারে। অন্যদিকে একটি সঠিক নীতি শিল্পকে গড়ে তুলতে পারে।