ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষে অধ্যয়নরত এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিভিন্ন বিভাগে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা সহায়তা দিয়েছে নারায়ণগঞ্জ জেলা পরিষদ। বুধবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে এ সংবর্ধনা ও শিক্ষা সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৭১ জন কৃতী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও এককালীন নগদ অর্থ সহায়তা তুলে দেয়া হয়। একইসঙ্গে প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে ফলজ গাছের চারা দেয়া হয়। নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।
এ সময় জেলা পরিষদের সহকারী প্রকৌশলী নাহিদ ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, শিক্ষার্থীদের উৎসাহিত করা ও মেধার বিকাশে সহায়তা করা জেলা পরিষদের অন্যতম কর্মসূচি। শিক্ষা ও চাকরির ক্ষেত্রে নারায়ণগঞ্জ অনেক ক্ষেত্রে পিছিয়ে থাকলেও নেতৃত্ব দেয়ার সক্ষমতা এ জেলার রয়েছে। সেই ধারণা থেকেই এ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। অধ্যাপক মামুন মাহমুদ বলেন, শিক্ষা, শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে প্রতিভাবানদের খুঁজে বের করে সম্মানিত করা হবে। মেধাবী শিক্ষার্থীদের জন্য জেলা পরিষদের সহযোগিতা অব্যাহত থাকবে।
সভাপতির বক্তব্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমান বলেন, আমাদের নিজেকে প্রশ্ন করতে শিখতে হবে। নিজেকে জানতে হবে। নিজের ভেতর থেকেই সবকিছু জানার ও বোঝার চেষ্টা করতে হবে। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ সহায়তা তুলে দেয়ার পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের বার্তা হিসেবে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
