কক্সবাজার সদরে অপরাধ দমনে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। পাশাপাশি শহর ও আশপাশের এলাকায় অপরাধীদের তৎপরতা রোধে পুলিশের নজরদারিও বাড়ানো হয়েছে। গত কয়েকদিনের সাঁড়াশি অভিযানে প্রতিদিন ধরা পড়ছে চোর, ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত আসামিসহ দাগী অপরাধীরা। শহরের বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে চোর-ছিনতাইকারী, মাদক সেবনকারী ও বিভিন্ন মামলার আসামিসহ ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাদের মধ্যে ৯ জন চোর ও ছিনতাইকারী, ৮ জন মাদক সেবনকারী এবং ৩ জন ধর্তব্য অপরাধে জড়িত বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া আদালতের পরোয়ানাভুক্ত দুজনকেও গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় সদর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে।
