খুলনায় অর্থ আত্মসাৎ মামলায় সোনালী ব্যাংকের ৬ কর্মকর্তাসহ ৭ জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেকেই ৯২ কোটি ৬৩ লাখ ৩১ হাজার ৭৫২ টাকা জরিমানা অনাদায়ে তাদের প্রত্যেকেই আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। রায় ঘোষণার সময় দুই আসামি বাদে সকল আসামিই আদালতে উপস্থিত ছিলেন। বুধবার খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মুহা. আদীব আলী এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী মো. ইয়াসীন আলী।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, দৌলতপুর থানার ডিসি রোডের মেসার্স ইস্টার্ন ট্রেডার্সের স্বত্বাধিকারী সনজিৎ কুমার দাস (পলাতক), দৌলতপুর সোনালী ব্যাংক কর্পোরেট শাখার সাবেক গোডাউন কিপার মো. মতিয়ার রহমান, একই ব্যাংকের সহকারী জেনারেল ম্যানেজার মো. নজরুল ইসলাম, সাবেক সহকারী মহাব্যবস্থাপক মানিক চন্দ্র মণ্ডল (পলাতক), সাবেক সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার মো. রুহুল আমিন, সাবেক প্রিন্সিপ্যাল আফিসার মো. সিরাজুল ইসলাম, সাবেক অফিসার অজিত কুমার সরকার।
