রাঙ্গামাটিতে পুড়ে ছাই কসমস রেস্টুরেন্ট

রাঙ্গামাটিতে পুড়ে ছাই কসমস রেস্টুরেন্ট

ফন্ট সাইজ:

রাঙ্গামাটি শহরের জজ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোরে লাগা এ আগুনে রেস্টুরেন্টের সিলিং, রান্নাঘরসহ বিভিন্ন অংশ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে এসি, ফ্রিজ, কম্পিউটার, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে রুস্টপ রেস্টুরেন্টে আগুন লাগার খবর পায় রাঙ্গামাটি ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরে ফায়ার সার্ভিসের সদস্যদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি। কসমস আবাসিক হোটেল ও রুস্টপ রেস্টুরেন্টের মালিক এ.কে.এম. সালাহউদ্দীন বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. মফিজুর রহমান বলেন, ভোরের দিকে আমরা আগুন লাগার খবর পাই। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের নির্দিষ্ট সূত্রপাত এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। জানা গেছে, চারতলা ভবনটির দ্বিতীয় ও তৃৃতীয় তলায় আবাসিক হোটেল পরিচালিত হয়। হোটেলটিতে মোট ২৯টি কক্ষ রয়েছে। অগ্নিকাণ্ডের সময় হোটেলে অবস্থানরত কোনো অতিথি বা কর্মচারী হতাহত হননি। এদিকে, আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।