মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বলড়া মুন্নু আদর্শ উচ্চ বিদ্যানিকেতনের বার্ষিক পুরস্কার বিতরণ, কৃতী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার ছেলে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশীদ মাইমুনুল ইসলাম অন্তু। পবিত্র কোরআন তেলাওয়াত এবং বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে আমন্ত্রিত অতিথিদের বরণ করে নেয়ার মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রাশীদ মাইমুনুল ইসলাম অন্তু গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, দেশের শিল্পায়নের অগ্রপথিক, দানবীর ও সাবেক মন্ত্রী মরহুম হারুণার রশীদ খান মুন্নুকে।
তিনি বলেন, আমার নানা মরহুম হারুণার রশীদ খান মুন্নু এই জনপদের শিক্ষা ও জনকল্যাণে জীবনভর কাজ করে গেছেন। তারই আদর্শকে ধারণ করে মুন্নু পরিবার এই অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি ও মানুষের কল্যাণে নিজেদের সম্পৃক্ত রাখতে কাজ করে যাচ্ছেন। অন্ত আরও বলেন, আমার মা খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা নানার আদর্শকে বুকে ধারণ করে এই অঞ্চলের মানুষের সেবা ও শিক্ষা প্রসারে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, তা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। আমরা সকলে মিলে তার হাতকে শক্তিশালী করে এই বিদ্যালয়ের ও এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে চাই।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাশীদ মাইমুনুল ইসলাম অন্তু আরও বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, বরং একজন প্রকৃত দেশপ্রেমিক ও আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। তিনি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।
