প্রথমবারের মতো দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি দিয়েছে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। বুধবার ৪৫ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির টাকা তুলে দিয়ে এই মেধাবৃত্তির সূচনা করা হয়। এ উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের ৪০১ নম্বর কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাবীবুর রহমান। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি. এম. শফিউর রহমানের সভাপতিত্বে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. আব্দুস সালাম আকন্দ।
এতে স্বাগত বক্তব্য রাখেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক তনুজা ইয়াসমিন। অনুষ্ঠানে ‘মেধাবৃত্তি’ ও ‘অসচ্ছল মেধাবৃত্তি’ এ দুটি ক্যাটাগরিতে মোট ৪৫ জন শিক্ষার্থীর প্রত্যেককে চার হাজার টাকা করে বৃত্তি দেয়া হয়। এ ছাড়া হিসাববিজ্ঞান বিভাগের দুইজন শিক্ষার্থীকে তাদের বিভাগের পক্ষ থেকে বৃত্তি দেয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা প্রতি বছর এ ধরনের মেধাবৃত্তি প্রদানের ধারাবাহিকতা বজায় রেখে এর পরিধি আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।
