শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালে কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা

শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালে কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। তিনি বলেছেন, অনেকে শিক্ষাপ্রতিষ্ঠান চলার সময়ে কোচিং সেন্টার চালাচ্ছে। আজকে থেকে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোনো কোচিং সেন্টার চলবে না। আমরা এটি খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করবো। এখানে অনেক শিক্ষকরা আছেন যারা কোচিং সেন্টারের সঙ্গে জড়িত। আমি চাচ্ছি, আপনারা আমাকে সক্রিয়ভাবে এ ব্যাপারে সহযোগিতা করবেন। বুধবার দুপুরে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেয়ার সময় জেলা প্রশাসক সোহানা নাসরিন এসব কথা বলেন।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলা প্রশাসন এই মতবিনিময় সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফ। জেলা প্রশাসক সোহানা নাসরিন কোচিং সেন্টার বন্ধ রাখা ছাড়াও শিক্ষার মানোন্নয়নে একগুচ্ছ নির্দেশনা দেন। এরমধ্যে রয়েছে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করা, পর্যায়ক্রমে ডিজিটাল হাজিরা মেশিন চালু করা, সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা, নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেয়ার সিদ্ধান্ত যথাযথভাবে কার্যকর করা, সপ্তাহে একদিন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা, অভিভাবকদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করা, শিক্ষার্থীদের ডাটাবেইজ তৈরি করা, নতুন কুঁড়িতে রেজিস্ট্রেশন বাড়ানো, শিক্ষাপ্রতিষ্ঠানে ডিবেট ক্লাব, ম্যাথ ক্লাব ও ইংলিশ ক্লাব গঠন করা ইত্যাদি।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার, কিশোরগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আসাদুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মমতাজ বেগম এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ প্রধানগণ উপস্থিত ছিলেন।