সদর উপজেলার কালিকাপুর এলাকায় এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার ব্যবহৃত একটি আইফোন নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ করেছে পরিবার। নিহত আইভী আক্তার (১৮) কাতারপ্রবাসী মো. ফেরদৌসের স্ত্রী। মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত ৮টার দিকে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় মরদেহ দেখতে পান। নিহত আইভী মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর এলাকার আসলাম শরীফের মেয়ে। পারিবারিক অসচ্ছলতার কারণে ছোটবেলা থেকেই তিনি চাচা কালাম শরীফের বাড়িতে থাকতেন বলে স্বজনরা জানিয়েছেন। প্রায় এক বছর আগে শরীয়তপুর শহরের বাসিন্দা মো. ফেরদৌসের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর ফেরদৌস কাতারে চলে যান।
পরিবারের সদস্যদের দাবি, ঘটনার সময় বাড়িতে আইভী একাই ছিলেন। এই সুযোগে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে। নিহতের চাচা কালাম শরীফ বলেন, নামাজ শেষে বাড়িতে ফিরে আইভীকে ডাকাডাকি করেও কোনো সাড়া পাইনি। পরে ঘরের ভেতরে গিয়ে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ দেখতে পাই। পুলিশ জানায়, নিহতের মাথাসহ শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। হত্যাকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হচ্ছে। মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
