৪২ মোবাইল ও ৭৭ হাজার টাকা উদ্ধার

প্রযুক্তির জালে প্রতারক

৪২ মোবাইল ও ৭৭ হাজার টাকা উদ্ধার

ফন্ট সাইজ:

হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক সময় আর ফেরত পাওয়ার সুযোগ থাকে না। তবে প্রযুক্তিনির্ভর সাইবার অনুসন্ধানে রাঙ্গামাটিতে হারানো ৪২টি মোবাইল ফোন ও বিভিন্ন ঘটনায় খোয়া যাওয়া ৭৭ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৮ এপিবিএন)। একইসঙ্গে বিভিন্ন ঘটনায় বিপদগ্রস্ত তিনজন ভিকটিমকে উদ্ধারে সহায়তা করেছে পুলিশের সাইবার ক্রাইম সেল। বুধবার রাঙ্গামাটি ১৮ এপিবিএনের কনফারেন্স রুমে আয়োজিত এক হস্তান্তর অনুষ্ঠান ও মতবিনিময় সভায় যাচাই-বাছাই শেষে উদ্ধার করা মোবাইল ফোন ও অর্থ প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, উদ্ধার হওয়া ৭৭ হাজার টাকার মধ্যে ৪৭ হাজার টাকা ভুলবশত অন্যের কাছে বা হিসাবে চলে গিয়েছিল। এ ছাড়া প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া হয়েছিল আরও ৩০ হাজার টাকা।

প্রযুক্তিগত অনুসন্ধান, তথ্য বিশ্লেষণ ও সাইবার ট্র্যাকিংয়ের মাধ্যমে এসব অর্থ উদ্ধার করা হয়। পরে যথাযথ যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের কাছে ফোনগুলো বুঝিয়ে দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার মো. রেজাউল করিম।

উপস্থিত ছিলেন সহ-অধিনায়ক মো. এনায়েত করিম, পিপিএম-সেবা, অ্যাডজুটেন্ট মো. মশিয়ার রহমান, সহকারী পুলিশ সুপার মো. ইত্তেখায়রুল ইসলাম, ১৮ এপিবিএনের পুলিশ পরিদর্শক, সদস্য এবং সাইবার ক্রাইম সেলের সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানে অধিনায়ক রেজাউল করিম মোবাইল ব্যাংকিং ও অনলাইন লেনদেনে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। প্রতারণার শিকার হলে দেরি না করে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেয়ারও পরামর্শ দেন।