চট্টগ্রামের সাতকানিয়ায় বিরোধ মীমাংসার সময় ছুরিকাঘাতে মোহাম্মদ হামীম (১৯) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় হত্যাকারী রোহান উদ্দিন (১৯) নামে আরেক কিশোরকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার কেরানীহাট সিটি সেন্টারে এ ঘটনা ঘটে। নিহত হামিম উপজেলার ছদাহা ইউপির ৪ নম্বর ওয়ার্ডের হাসমতের দোকান এলাকার মৃত ফরিদুল আলমের ছেলে। অপরদিকে, রোহান একই ইউপির ৫ নম্বর ওয়ার্ডের ছৈয়দাবাদ কাজিরখীল এলাকার ওসমান গণির ছেলে।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হামীম এবং রোহান-শাহানুর স্থানীয় দু’টি কিশোর গ্যাং গ্রুপ। তাদের মধ্যে পূর্ববিরোধ ছিল, যার নিষ্পত্তির উদ্দেশ্যে মঙ্গলবার রাতে সবাই কেরানীহাট সিটি সেন্টারে জড়ো হন। সেখানে তর্কাতর্কির একপর্যায়ে হামীম একটি লোহার স্টিক দিয়ে রোহানের হাতে আঘাত করেন। এর পর পরই রোহান রাগান্বিত হয়ে হামীমের পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে সটকে পড়েন।
এ সময় সেখানে উপস্থিত অন্যান্যদের একাংশ আহত হামীমকে উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান এবং অপর অংশটি রোহানকে ধাওয়া করেন। তবে হামীমের অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যে তার মৃত্যু হয়। অপরদিকে, পালানোর সময় রোহানকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, এ ঘটনায় নেপথ্যের মূল ঘটনা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
