ডিআরইউ’র ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান বৃহস্পতিবার

ডিআরইউ’র ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান বৃহস্পতিবার

ফন্ট সাইজ:

পেশাদার সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার। রাজধানী ঢাকায় সকল গণমাধ্যমে কর্মরত রিপোর্টারদের অধিকার আদায়, পেশাগত উন্নতি আর মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৫ সালের ২৬ মে ডিআরইউ-এর জন্ম হয়। এ বছর ২৮ মে পবিত্র ঈদুল আযহা অনুষ্ঠিত হওয়ায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ১০ সেপ্টেম্বর উদযাপন করা হচ্ছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে অংশ নেবেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী)।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডিআরইউ প্রাঙ্গণে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে- সকাল ১০টায় জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন। সাড়ে ১০টায় বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন। এরপর বেলা ১১টায় বর্ণাঢ্য র‌্যালি। এছাড়া বেলা সাড়ে ১১টায় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংগঠনের সকল সদস্যদেরকে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ গ্রহণের আহ্বান জানিয়েছেন।