হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি সই

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি সই

ফন্ট সাইজ:

বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষায় ‘ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট (আইপিপিএ)’ চুক্তি সই হয়েছে। হংকংয়ে অনুষ্ঠিত ১১তম ‘বেল্ট অ্যান্ড রোড সামিট ২০২৬’-এর উদ্বোধনী পর্বে বুধবার এ চুক্তি সই হয়।
বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং হংকং সরকারের পক্ষে সই করেন বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নবিষয়ক সেক্রেটারি আলজের্নন ইএই। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, চুক্তির ফলে বাংলাদেশ ও হংকংয়ের বিনিয়োগকারীদের পারস্পরিক বিনিয়োগ ও পুঁজির সুরক্ষা আরও জোরদার হবে। একই সঙ্গে দুদেশের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিবেশ তৈরির পাশাপাশি নতুন অর্থনৈতিক সহযোগিতার সুযোগও তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে বাংলাদেশের সপ্তম বৃহত্তম বিনিয়োগ উৎস হংকং। নতুন এ চুক্তির ফলে বাংলাদেশে হংকংয়ের বিনিয়োগ আরও বাড়তে পারে। বিশেষ করে তৈরি পোশাক ও বস্ত্র শিল্পসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগের প্রবাহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

গত পাঁচ বছরে হংকং থেকে বাংলাদেশ প্রায় ৭৫০ মিলিয়ন ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ করেছে। এর মধ্যে ২০২৫ সালে এসেছে ১২২ মিলিয়ন ডলার।
সংশ্লিষ্টদের মতে, আইপিপিএ সইয়ের মধ্য দিয়ে দ্বিপাক্ষিক বিনিয়োগ সম্পর্ক আরও প্রাতিষ্ঠানিক রূপ পাবে। এর ফলে বিনিয়োগের পাশাপাশি দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।