‘হারেৎজের’ বিরুদ্ধে মামলা করছেন নেতানিয়াহু

‘হারেৎজের’ বিরুদ্ধে মামলা করছেন নেতানিয়াহু

ফন্ট সাইজ:

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির সংবাদমাধ্যম হারেৎজ, সাংবাদিক শ্লোমি এলদারসহ সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে মানহানির মামলা করার উদ্যোগ নিয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলার আগে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান নেতানিয়াহুকে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করেছিলেন- সম্প্রতি এমন রিপোর্ট প্রকাশ করে হারেৎজ। প্রতিবেদনে আরও বলা হয়, ৭ অক্টোবর ইসরাইলে হামাসের নজিরবিহীন হামলার প্রায় দেড় সপ্তাহ আগে ইউএই প্রেসিডেন্ট নেতানিয়াহুর সঙ্গে কথা বলে সম্ভাব্য হামলার বিষয়ে তাকে সতর্ক করেছিলেন।

রিপোর্টে আরও দাবি করা হয়, ইউএই প্রেসিডেন্টের সঙ্গে কথিত ওই কথোপকথনের বিষয়টি নেতানিয়াহু ইসরাইলের গোয়েন্দা ও সামরিক কর্তৃপক্ষকে জানাননি। তবে নেতানিয়াহুর কার্যালয় এই প্রতিবেদনকে “মিথ্যা” ও “মনগড়া” বলে দাবি করেছে। নেতানিয়াহু নিজে এ দাবি পুরোপুরি অস্বীকার করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, সেপ্টেম্বরের শুরু থেকে ৭ অক্টোবর পর্যন্ত প্রধানমন্ত্রী ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের মধ্যে কোনো কথোপকথন হয়নি।

এ ছাড়া নেতানিয়াহুর কার্যালয় আরও জানায়, ওই সময়ের প্রধানমন্ত্রীর ফোনকলের রেকর্ড ‘খুঁটিয়ে’ পর্যালোচনা করা হয়েছে। সেখানে ইউএই প্রেসিডেন্টের সঙ্গে এমন কোনো কথোপকথনের কোনো চিহ্ন পাওয়া যায়নি। নেতানিয়াহুর কার্যালয়ের ভাষ্য, প্রতিবেদনে প্রকাশিত এসব তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। এ কারণেই হারেৎজ, শ্লোমি এলদার এবং সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য নেতানিয়াহু তার আইনজীবীদের নির্দেশ দিয়েছেন। তবে মামলাটি এখনো দায়ের হয়েছে, নাকি দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে- এ বিষয়ে চূড়ান্ত আইনি তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।