রাশিয়ায় ইউক্রেনের অতর্কিত হামলা, নিহত ৪

রাশিয়ায় ইউক্রেনের অতর্কিত হামলা, নিহত ৪

ফন্ট সাইজ:

রাশিয়ার কৃষ্ণ সাগর উপকূলবর্তী বন্দর নগরী নোভোরোসিস্কে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে এক শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছে। দেশটির ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ এই তথ্য নিশ্চিত করেছেন। খবর আরটির। বুধবার সকালে তিনি বলেন, হামলায় আরও ২৯ জন আহত হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

এদিন কন্দ্রাতিয়েভ জোর দিয়ে বলেছেন, ইউক্রেনীয় বাহিনী শুধু বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। হামলায় একটি চার্চ এবং কিন্ডারগার্টেনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান রাশিয়ান এই কর্মকর্তা। তিনি আরও বলেন, ইউক্রেনীয় বাহিনীর হামলায় আনাপা শহরেও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া নোভোরোসিস্কের দক্ষিণ-পূর্বে ক্রাসনোদার অঞ্চলের আরেকটি অবকাশযাপন কেন্দ্র গেলেনঝিকও ইউক্রেনের ড্রোন হামলার শিকার হয়েছে। অঞ্চলটির মেয়র আলেক্সেই বোগোদিস্তভ হামলার তথ্য নিশ্চিত করেছেন।

তবে তিনি কোনো হতাহতের খবর জানাননি। প্রায় পাঁচ বছর ধরে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ আরও অনেক বেড়েছে।