খুলনায় হত্যার উদ্দেশ্যে ভাঙ্গারি ব্যবসায়ী আশিকুর রহমানকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে তিনি প্রাণে বেঁচে যান। সম্প্রতি খুলনায় একের পর এক হত্যা, গুলি, হামলার ঘটনায় নগর জুড়ে আতঙ্ক বিরাজ করছে।
বুধবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে খুলনা সদর থানার বাগমারা এলাকায় গুলির ঘটনাটি ঘটে। ঘটনার পরপর দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ব্যবসায়ী আশিক ৮৪, শের এ বাংলা রোড হাজী বাড়ির মোড়ের সিদ্দিকুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে বাগমারা মেইন রোডে মা মোটরসের মালিক তরিকুল ইসলাম অনিকের দোকানে বসে কথা বলছিল ভাঙ্গারি ব্যবসায়ী আশিক। এর কিছুক্ষণ পরে আশিককে লক্ষ্য করে দুই যুবক গুলি করে। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে গেলে প্রাণে বেঁচে যান তিনি। এরপর দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে।
একটি সূত্র জানায়, দুর্বৃত্তরা খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্য।
এর আগে তারা একবার আশিকের কাছ থেকে ৫ হাজার টাকা চাঁদা নিয়েছে। খুলনা জোনের সহকারী পুলিশ কমিশনার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। গুলির বিষয়টি জানার চেষ্টা করছি। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
