সিডনির পাঞ্চবোল এলাকায় একটি কমিউনিটি সেন্টারের কারপার্কে বন্দুকধারীর গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ব্যস্ত পার্কিং এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর একটি কালো রঙের ‘উট’ (ute) গাড়িকে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ।
নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) পুলিশ জানায়, স্থানীয় সময় বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে রসমোর অ্যাভিনিউয়ের কমিউনিটি সেন্টারের কারপার্কে এক ব্যক্তিকে গুলি করার খবর পেয়ে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। এনএসডব্লিউ অ্যাম্বুলেন্সের প্যারামেডিকরা আহত ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ক্যাম্পসি পুলিশ এরিয়া কমান্ডের কর্মকর্তারা ঘটনাস্থল ঘিরে রেখেছেন। সেখানে বেশ কয়েকটি পুলিশের গাড়ি ও অ্যাম্বুলেন্সের পাশাপাশি একটি পুলিশ হেলিকপ্টার এবং ফায়ার সার্ভিসের গাড়িও মোতায়েন করা হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, গুলির শব্দ শোনার পর তারা ঘটনাস্থলের দিকে ছুটে যান। পার্কিংয়ের প্রবেশ পথের কাছে একটি সাদা সেডান গাড়ির পাশে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। তখন কারপার্কটি বেশ গাড়িতে পূর্ণ ছিল। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দুই পুলিশ কর্মকর্তা ওই ব্যক্তিকে সিপিআর দিতে দেখা যায়। কাছেই দাঁড়িয়ে থাকা দুই প্রত্যক্ষদর্শীকে প্রার্থনা করতেও দেখা গেছে। স্কুল শিক্ষার্থীসহ বেশ কয়েকজন মানুষ পার্কিং এলাকার এক প্রান্ত থেকে পুরো ঘটনাটি প্রত্যক্ষ করেন।
পুলিশ জানিয়েছে, গুলির ঘটনার পর একটি গাড়িকে দ্রুত ওই এলাকা ছেড়ে যেতে দেখা গেছে। তবে এখন পর্যন্ত গাড়িটির চালক বা এতে থাকা ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। নিহতের পরিচয়ও এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। কী কারণে এবং কারা এই হামলা চালিয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সিডনিতে বন্দুকধারীর গুলিতে এক ব্যক্তির মৃত্যু
আলমগীর হোসেন রুহেল, সিডনি (অস্ট্রেলিয়া) থেকে
অনলাইন
১ ঘন্টা আগে
৯ সেপ্টেম্বর (বুধবার), ২০২৬, ৪ঃ৩৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
