মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশে একটি এয়ার অ্যাম্বুলেন্স বা ‘ফ্লাইং ডক্টর’ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক পাইলট ও চার স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার বোর্নিও দ্বীপের লং লেলাং বিমানবন্দরের কাছে একটি দুর্গম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে প্রতিবেশী ইন্দোনেশিয়ার দাবানল থেকে সৃষ্ট ঘন ধোঁয়ার কারণে আকাশপথে উদ্ধারকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ খবর জানিয়েছে অনলাইন ইনডিপেনডেন্ট।
মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী জানান, নিহতরা সবাই সরকারি দায়িত্বে নিয়োজিত ছিলেন। আকাশপথে উদ্ধারকাজ চালানো সম্ভব না হওয়ায়, সড়কপথে প্রায় ১০ ঘণ্টার পথ পাড়ি দিয়ে বুধবার সকালে ফায়ার সার্ভিস ও পুলিশের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে তদন্তকারী দল।
