ইসরাইলের বৃটিশ কনস্যুলেট বন্ধ করাকে ‘গভীরভাবে দুঃখজনক’ বললেন মিলিব্যান্ড

ইসরাইলের বৃটিশ কনস্যুলেট বন্ধ করাকে ‘গভীরভাবে দুঃখজনক’ বললেন মিলিব্যান্ড

ফন্ট সাইজ:

অধিকৃত পশ্চিমতীরে অবৈধ বসতি স্থাপন ও ফিলিস্তিনিদের ওপর হামলার জেরে ইসরাইলের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে বৃটেন। জবাবে পূর্ব জেরুজালেমে অবস্থিত ব্রিটিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা দিয়েছে তেল আবিব। ইসরাইলের এই সিদ্ধান্তকে ‘গভীরভাবে দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন বৃটেনের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে নতুন পদক্ষেপের ঘোষণা দিয়ে মিলিব্যান্ড অভিযোগ করেন, পশ্চিমতীরে ‘বসতি স্থাপনকারী সন্ত্রাসীদের’ দ্বারা ফিলিস্তিনিদের ওপর জাতিগত নিধন চালানো হচ্ছে এবং ইসরাইল সরকার এতে চোখ বন্ধ করে রয়েছে। বৃটেনের ঘোষিত নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে—অবৈধ বসতির পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা, বসতি সম্প্রসারণে অর্থায়ন ও অবকাঠামো প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা, অবৈধ বসতির প্রচারণামূলক বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা এবং দখলদারিত্বে ব্যবহৃত হতে পারে এমন অস্ত্র বিক্রি বন্ধ করা।

বৃটেনের এই পদক্ষেপের কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা ব্যবস্থা নেয় ইসরাইল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার পূর্ব জেরুজালেমে ব্রিটিশ নাগরিকদের সেবা প্রদানকারী বৃটিশ কনস্যুলেট বন্ধ করার ঘোষণা দেন। এছাড়া বৃটেনের ১১ জন এমপির ইসরাইলে প্রবেশের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়। ইসরাইলের এমন প্রতিক্রিয়াকেই ‘গভীরভাবে দুঃখজনক’ বলে আখ্যায়িত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।