চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মোহাম্মদ হামিম (১৯) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে । এ ঘটনায় মো. রোহান উদ্দিন (১৯) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার রাতে উপজেলার কেরানীহাট সিটি সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হামিমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হামিম সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আফজলনগর গ্রামের ফরিদুল আলমের ছেলে। আটক রোহান একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সৈয়দাবাদ কাজীরখীল এলাকার বাসিন্দা।

পুলিশ বলছে, হামিম ও রোহানের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। প্রাথমিক তদন্তে কিশোর গ্যাংকেন্দ্রিক সেই বিরোধের জেরেই হামিমকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘প্রাথমিকভাবে কিশোর গ্যাংয়ের বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে জানা গেছে। নিহত হামিমের সঙ্গে রোহানের পূর্ববিরোধ ছিল। এর জেরে কেরানীহাট সিটি সেন্টার এলাকায় হামিমকে ছুরিকাঘাত করা হয়।’

তিনি আরও বলেন, ‘হত্যাকাণ্ডের পেছনে কী বিরোধ ছিল এবং এতে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’