রাঙ্গামাটিতে চোলাই মদসহ গ্রেপ্তার ৭

ফন্ট সাইজ:

রাঙ্গামাটিতে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫ জনকে মাদক কারবারি এবং ২ জনকে মাদকসেবী হিসেবে উল্লেখ করেছে পুলিশ। মঙ্গলবার রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ ও কোতোয়ালি থানা পুলিশ এ বিশেষ অভিযান পরিচালনা করে। পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, অভিযানে সেতু চাকমা (৪০), মো. আরমান (২৩), তরপন চাকমা (৫০), আরাফাত ইসলাম তারেক (২৯) ও সাইফুল ইসলাম (৩১)কে গ্রেপ্তার করা হয়।

এর মধ্যে সেতু, আরমান ও তরপনের হেফাজত থেকে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকসেবন এবং মাদক ক্রয়-বিক্রয়ে সহায়তার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া আরাফাত ও সাইফুলকে মাদক কারবারি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে মো. কামাল উদ্দিন (৪১) ও মো. নুর মিয়া (৪৪)কে মাদকসেবী হিসেবে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।