মাগুরা মহম্মদপুরের সিন্দাইন এলাকা থেকে ২৪ গ্রাম গাঁজা ও ৬ পিস ইয়াবাসহ বাবা-ছেলেকে আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ। গত সোমবার রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার সিন্দাইন উত্তরপাড়া গ্রামের আইন উদ্দিন মোল্যার ছেলে মো. হাসমত আলী (৪৩) এবং তার ছেলে মো. রকিবুল ইসলাম (২২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা করে আসছে এমন গোপন সংবাদে ঘটনার দিন রাতে বাবুখালী পুলিশ ক্যাম্পের একটি দল সিন্দাইন গ্রামে অভিযানে যায়।
এ সময় হাসমতের চায়ের দোকানের সামনে থেকে মাদকদ্রব্যসহ তাদের আটক করা হয়। মহম্মদপুর থানার ওসি এম শামীম আহমেদ মানবজমিনকে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
