পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাতদলের সর্দার মো. দুলাল সরদার (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও লাল রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো ৬টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। গতকাল দিবাগত রাতে মঠবাড়িয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত দুলাল মঠবাড়িয়া উপজেলার খায়ের ঘটিচোরা গ্রামের মৃত আব্দুল খালেক সরদারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদে উপজেলার দাউদখালী ইউনিয়নের খায়ের ঘটিচোরা গ্রামে অভিযান পরিচালনা করে দুলালকে গ্রেপ্তার করা হয়। এ সময় তল্লাশিকালে তার ঘরের ওপর লুকিয়ে রাখা একটি ব্যাগের ভেতর থেকে একটি ম্যাগাজিন ব্যতীত পিস্তল এবং ৬টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুলালের বিরুদ্ধে ঝালকাঠি জেলায় একটি স্বর্ণের দোকানে ডাকাতির মামলা ছাড়াও একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, দুলাল আন্তঃজেলা ডাকার দলের সর্দার। তার নামে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
