পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নিখোঁজ হওয়ার দুইদিন পর বাদল সরদার (২৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পায়রা বন্দর নৌপুলিশ। মঙ্গলবার দুপুরে পায়রা বন্দরের ১ নম্বর জেটির পূর্ব পাশে লাল বয়া সংলগ্ন রাবনাবাদ নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বাদল বাউফল উপজেলার কালাইয়া এলাকার মো. ওহিদ সরদারের ছেলে। পায়রা বন্দর নৌপুলিশ সূত্রে জানা যায়, গত ৬ই সেপ্টেম্বর বিকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে রাবনাবাদ নদীতে মাছ ধরতে জাল ফেলেন জেলে বাদল।
এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হন। দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পায়রা বন্দর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) নয়ন কারকুন বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
