পাবনা সাঁথিয়ার মিয়াপুর মিনারপাড়া এলাকার এক পুকুর থেকে এক পিয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি ক্ষেতপাড়া ইউনিয়নের ডাঙ্গামাছ গ্রামের সেকেন সরদারের ছেলে আব্দুল আজিজ (৫৫)।
জানা যায়, আব্দুল আজিজ গত সোমবার এশার নামাজের পর বাড়ি থেকে বের হয়। পরে আর সে বাড়িতে ফিরে আসেনি। মঙ্গলবার সকাল ৯টার দিকে মিয়াপুর মিনারপাড়া এলাকায় মানিকের পুকুরে মাছের খাবার দিতে গিয়ে লাশ ভাসতে দেখে সাঁথিয়া থানা পুলিশকে খবর দেয় পুকুর মালিক।
এখবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুর থেকে লাশ উদ্ধার করে। এ সময় স্থানীয়রা আজিজের লাশ বলে শনাক্ত করে। এ ব্যাপারে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনিসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুকুর থেকে আজিজ নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। অতি দ্রুত এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।
