ময়মনসিংহের হালুয়াঘাটে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে পরিবেশ বিনষ্ট করার দায়ে ৭ জনকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত উপজেলার স্বদেশি উত্তরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নেতৃৃত্বে টাস্কফোর্স। অভিযানে সাজাপ্রাপ্ত আসামিরা হলো ঢাকার সাভারের সবুজবাগ এলাকার আব্দুল মান্নান, শরিয়তপুরের সখিপুর উপজেলার আ. রহিম, গাইবান্ধার সাঘাটার মঞ্জুরুল ইসলাম, নাটোরের গুরুদাসপুরের মেহেদি হাসান, একই উপজেলার আনারুল ইসলাম, চাকুলি এলাকার মশিউর রহমান ও শিপন। অভিযানে র্যাব, হালুয়াঘাট থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ঘটনার সত্যটা নিশ্চিত করে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী এ অভিযান পরিচালনা করে কারাদণ্ড দেয়া হয়েছে। একইসঙ্গে জমির মালিক ও ম্যানেজারের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
