গাজীপুর মহানগরীর হাজীবাগ এলাকায় সাংবাদিকের ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরি হয়েছে। ঘরের প্রধান দরজার সিটকানি ভেঙে ভেতরে প্রবেশ করে ওয়ারড্রব, আলমিরা ও ড্রেসিং টেবিলের ড্রয়ার ভেঙে নগদ ১ লাখ ৭৭ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণ ও ৬ ভরি রুপার অলংকার লুট করে নিয়ে গেছে চোরেরা। মঙ্গলবার সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ডের হাজীবাগ এলাকায় টাকশালের উত্তর পাশের সীমানা প্রাচীর সংলগ্ন প্রবাসী মকবুল হোসেনের বাড়ির দ্বিতীয় তলার ভাড়া বাসায় এ চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে জিএমপি’র সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভুক্তভোগী সাংবাদিক রায়হানুল ইসলাম আকন্দ ওই বাড়ির দ্বিতীয় তলার একটি ইউনিটে ভাড়া থাকেন। তিনি অনলাইন নিউজপোর্টাল বাংলা ট্রিবিউন ও ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। সাংবাদিক রায়হানুল ইসলাম আকন্দ জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তার স্ত্রী সন্তানদের নিয়ে স্কুলে যান। এ সময় বাসায় তালা লাগানো ছিল। পরে স্কুল ছুটির পর বেলা ১১টার দিকে বাসায় ফিরে প্রধান দরজার সিটকানি ভাঙা দেখতে পান। ঘরে ঢুকে বেডরুমের ওয়ারড্রব ও ড্রেসিং টেবিল এবং ছেলের কক্ষে থাকা আলমিরার কাপড়চোপড় মেঝেতে এলোমেলো অবস্থায় দেখতে পান। তিনি বলেন, ওয়ারড্রবের ড্রয়ার ও আলমিরার দরজা ভাঙা এবং খোলা ছিল। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, ওয়ারড্রবে রাখা নগদ ১ লাখ ৭৭ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণ ও ৬ ভরি রুপার অলংকার নেই। ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
গাজীপুরে সাংবাদিকের বাসায় চুরি
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
৯ সেপ্টেম্বর (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
