ফরিদপুরের কানাইপুরের হোগলাকান্দির ব্যবসায়ী শামীম আহমেদ মুকুটের বাড়িতে তাণ্ডব চালিয়ে ৮০ ভরি স্বর্ণালংকার ও নগদ দুই কোটি টাকা লুটের অভিযোগে মামলা রুজু হয়েছে কোতোয়ালি থানায়। সোমবার রাতে ছয়জনকে নামীয়সহ ২০-২৫ জনকে আসামি করে মামলাটি রুজু হয়েছে বলে কোতোয়ালি থানার ওসি মো. মাহমুদুল হাসান নিশ্চিত করেছেন। মঙ্গলবার সকালে এজাহারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, এর আগে গত রোববার দুপুরে সৌরভ মোল্লার নেতৃত্বে ২০-২৫ জন আগ্নেয়াস্ত্র, লাঠিসোটা ও হাতুড়ি নিয়ে ব্যবসায়ী শামীম আহমেদ মুকুটের হোগলাকান্দির বাড়িতে প্রবেশ করে ত্রাস সৃষ্টি করে। পরে বাড়িঘরে তাণ্ডব চালিয়ে ঘরে রক্ষিত ৮০ ভরি স্বর্ণালংকার ও নগদ দুই কোটি টাকা লুটে নেয়। এ সময় চিৎকারের শব্দে আশপাশের লোকজন এগিয়ে এসে প্রতিরোধ গড়ে তুললে তারা পালিয়ে যায়। শামীম আহমেদ মুকুটের পরিবারের সদস্যরা জানান, হামলাকারীরা অস্ত্র ঠেকিয়ে বাড়িতে থাকা প্রাইভেটকারের কক্ষের তালা ভাঙার চেষ্টা করলে শব্দে লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়। অতঃপর তারা মালিকানাধীন কে.বি ব্রিকসে গিয়ে হিসাবের ফাইলপত্র নিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। এ ঘটনায় তারা সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। কোতোয়ালি থানার ওসি মো. মাহমুদুল হাসান জানান, মামলা রুজু হওয়ার পর থেকেই পুলিশ আসামিদের ধরতে তৎপর রয়েছে। প্রশ্নের জবাবে তিনি জানান, এজাহারনামীয়দের রাজনৈতিক পরিচয় রয়েছে কিনা তা তদন্ত করে বলা যাবে। এদিকে অভিযুক্ত সৌরভ মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। আর এ ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও বাজারের ব্যবসায়ীরা বিক্ষোভ প্রদর্শন করেন। তারা প্রকাশ্যে এমন ঘটনায় শঙ্কিত জানিয়ে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
ফরিদপুরে স্বর্ণালংকার ও টাকা লুটের ঘটনায় মামলা
ফরিদপুর প্রতিনিধি
৯ সেপ্টেম্বর (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
