পশ্চিমবঙ্গের কলকাতাসহ রাজ্যের বিভিন্ন শহরে খাদ্যনিরাপত্তা অভিযান চালিয়ে পচা, বাসি, নষ্ট হয়ে যাওয়া ও মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী খুঁজে পাওয়া গেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী পচা, বাসি, নষ্ট হয়ে যাওয়া ও মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী খুঁজে বের করে দোষীদের শাস্তির উদ্দেশ্যে এই অভিযান।
খাদ্যসুরক্ষা বিধি মেনে চলা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে গত এক সপ্তাহ ধরে ধারাবাহিক ভাবে কলকাতার বিভিন্ন প্রান্তেও অভিযান চালানো হয়েছে। অভিযান চলেছে বিভিন্ন নামিদামি রেস্তরাঁ ও বিভিন্ন নামি শপিং মলের ফুড কোর্টেও।
কলকাতা পুরসভা এখনো পর্যন্ত ৪০টি খাবারের দোকানের লাইসেন্স সাসপেন্ড করেছে। কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডে জানিয়েছেন, তালিকায় রয়েছে নিজাম’স, করিম’স, বলরাম মল্লিক ও রাধারমণ মল্লিক, মিষ্টিমুখ, আরসালান, শিমলা বিরিয়ানি-সহ কয়েকটি নামি রেস্তরাঁ ও খাদ্যবিপণি।
কোথাও পচা-বাসি মাংস, কোথাও ছত্রাক ধরা মিষ্টি, কোথাও আবার নিম্নমানের মশলা, নিষিদ্ধ রং ব্যবহারের প্রমাণ মিলেছে বলে পুরসভার সূত্রে জানা গেছে।
কলকাতার বিভিন্ন শপিং মলের ফুড কোর্টে পাওয়া গিয়েছে নষ্ট মাছ-মাংস। ফ্রিজে রাখা খাসি ও মুরগির মাংসও মেয়াদোত্তীর্ণ হয়ে নষ্ট হয়ে গেছে।
এদিকে রাজ্যের বিভিন্ন জেলার রেস্তরাঁ, খাদ্যদ্রব্য বিক্রির সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান, মিষ্টির কারখানাগুলোতে অভিযান চালিয়ে মিলেছে প্রচুর মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী, পাওয়া গেছে পচা, বাসি ও মেয়াদোত্তীর্ণ মিষ্টি। বহু খাদ্যদ্রব্য ও মিষ্টিতে মেশানো হয়েছে কৃত্রিম রং, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। একটি দোকান থেকে ৪৭০ টিন ভেজাল সয়াবিন তেল উদ্ধার করে তা জব্দ করা হয়েছে। উদ্ধার হয়েছে ভেজাল ঘি, ছানা ও দইও।
খাদ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, খাদ্য সুরক্ষা লঙ্ঘনের ভয়াবহ ছবি উঠে এসেছে। কিন্তু এই নজরদারি বছরভর চালানো দরকার।
খাদ্যে ভেজালের অভিযোগে কলকাতার ৪০টি নামিদামি রেস্তরাঁ ও দোকানের লাইসেন্স সাসপেন্ড
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
৯ সেপ্টেম্বর (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
