স্থানীয় সরকার নির্বাচনে জোটগতভাবে না গিয়ে এককভাবে প্রার্থী দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরই অংশ হিসেবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। ঢাকা উত্তরে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দক্ষিণে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে
প্রার্থী করার সিদ্ধান্ত হয়েছে। আনুষ্ঠানিকভাবে পরে প্রার্থিতা ঘোষণা করা হবে বলে জানিয়েছে সূত্র। এর আগে ঢাকা দক্ষিণে আসিফ মাহমুদ এবং উত্তরে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে প্রার্থী ঘোষণা করেছিল দলটি। নতুন সিদ্ধান্তে উত্তরে আদীবের পরিবর্তে আসিফ এবং দক্ষিণে আসিফের পরিবর্তে পাটওয়ারীকে প্রার্থী করা হচ্ছে।
দলীয় সূত্র জানায়, প্রার্থী বাছাইয়ের আগে চালানো সমীক্ষায় দুই সিটিতে আসিফ ও পাটওয়ারীকে প্রার্থী করা হলে ভালো ফলের সম্ভাবনা রয়েছে বলে উঠে আসে। নির্বাচনের প্রস্তুতি হিসেবে ইতিমধ্যে ভোটার এলাকাও পরিবর্তন করেছেন তারা। আসিফ উত্তর সিটির আফতাবনগর এলাকার ভোটার হয়েছেন। আর পাটওয়ারী উত্তর থেকে দক্ষিণ সিটির ঢাকা-৮ এলাকার ভোটার হয়েছেন।
স্থানীয় সরকার নির্বাচনে আলাদাভাবে ভোট করলেও রাজনৈতিকভাবে ১১ দলীয় ঐক্য অটুট থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা। তবে স্থানীয় নির্বাচনে শরিকদের মধ্যে সমন্বয় থাকবে, যাতে তারা পরস্পরের সঙ্গে সংঘাতে না জড়ান।
এসব বিষয়ে এনসিপি’র নীতিনির্ধারণী ফোরামের সদস্য ও মিডিয়া উপ-কমিটির প্রধান সারোয়ার তুষার মানবজমিনকে বলেন, স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি। এককভাবে প্রার্থীও ঘোষণা করা হবে।
