রাজধানীর খিলক্ষেতে গৃহবধূকে শিকলে বেঁধে পেটানোর অভিযোগ উঠেছে স্বামী সোহেল শিকদার (৩১)-এর বিরুদ্ধে। নির্যাতনের তিনদিন পর ওই বাসা থেকে স্ত্রী মুক্তা ইসলাম (২৫)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, নির্যাতনের ভিডিও নিজেই ধারণ করে মুক্তার ভাইয়ের মোবাইলে পাঠান সোহেল। ভিডিও পাঠানোর সময় তিনি লেখেন, ‘তোমার বোনকে নিয়ে যাও।’ গত বৃহস্পতিবার (৩রা সেপ্টেম্বর) খিলক্ষেতের একটি বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাট থেকে মুক্তার লাশ উদ্ধার করা হয়। এর আগে ৩০শে আগস্ট তাকে বেল্ট দিয়ে পেটানোর প্রায় তিন মিনিটের একটি ভিডিও এক স্বজনের মোবাইলে পাঠান সোহেল। ভিডিওতে দেখা যায়, মুক্তার পায়ে শিকল পরানো এবং তাকে খাটের সঙ্গে বেঁধে বেল্ট দিয়ে একের পর এক আঘাত করছেন সোহেল। একপর্যায়ে মুক্তার শরীরে কালচে ও রক্তাক্ত জখমের দাগ দেখা যায়।
পরিবারের অভিযোগ, নির্যাতনের একপর্যায়ে মুক্তা বলেন, ‘আমি কিছু করিনি। আমি তোমাকে অনেক ভালোবাসি।’ পাশের কক্ষে থাকা দুই সন্তান সাফওয়ান (৫) ও তাসফিয়ার (৪) কান্নার শব্দও ভিডিওতে শোনা যায়। একপর্যায়ে মুক্তা স্বামীকে বলেন, ‘আমাকে মারবা ঠিক আছে, শুধু দুই বাচ্চারে ঘুম পাড়িয়ে আসি।’ তবে এতেও নির্যাতন থামেনি বলে পরিবারের অভিযোগ। ভিডিও পাওয়ার পর স্বজনরা মুক্তাকে নিয়ে যাওয়ার উদ্যোগ নিলে বৃহস্পতিবার খিলক্ষেতের ওই বাসায় গিয়ে তারা মুক্তার ঝুলন্ত লাশ দেখতে পান। পরিবারের দাবি, পুলিশ পৌঁছানোর আগেই লাশটি সিলিং ফ্যান থেকে নামানো হয়। এ ঘটনায় গত শুক্রবার খিলক্ষেত থানায় মামলা করেন মুক্তার ছোট ভাই তানভীর রহমান। মামলার এজাহারে বলা হয়, বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহ ও যৌতুকের দাবিতে কয়েক মাস ধরে মুক্তার ওপর নির্যাতন চালানো হতো।
তানভীর রহমান বলেন, কয়েক মাস আগে আমার কাছে তিন লাখ টাকা চেয়েছিলেন সোহেল। সেই টাকা দিতে দেরি হওয়ায় আমার বোনকে মারধর করা হতো। মাকে হারিয়ে তার দুই বাচ্চা সারা দিন কান্নাকাটি করছে। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পরিবারের সদস্যরা জানান, মুক্তার গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে। একই এলাকার সোহেলের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়। বিয়ের পর খিলক্ষেতে স্বামীর সঙ্গে থাকতেন তিনি। পরিবারের ভাষ্যমতে, সোহেল প্রথমে মুদি দোকান চালাতেন, পরে এমব্রয়ডারি ব্যবসায় যুক্ত হন।
ব্যবসায় ভালো করতে না পারার পর দাম্পত্য কলহ বাড়ে। একপর্যায়ে যৌতুক দাবি শুরু হয়। এ বিষয়ে খিলক্ষেত থানার ওসি মুহাম্মাদ সোহরাব আল হোসাইন মানবজমিনকে বলেন, প্রাপ্ত ভিডিওটি মুক্তার মৃত্যুর তিনদিন আগের। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। ৫ দিনের রিমান্ডের জন্য আদালতে আবেদন করা হয়েছে।
