ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ ৯ জনের মৃত্যু

ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ ৯ জনের মৃত্যু

ফন্ট সাইজ:

দেশে ডেঙ্গু ভয়াবহ রূপ নিচ্ছে। প্রতিদিনই বাড়ছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যু। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন ডেঙ্গু রোগী। চলতি বছর ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তিতেও রেকর্ড। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু-সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ৭ই সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে ১৩০ জন মারা গেছেন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ হাজার ৪৭৫ জন ডেঙ্গু রোগী।

তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ৩ জন, ঢাকা উত্তর সিটিতে ২ জন, খুলনা বিভাগে ২ জন এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছেন। মারা যাওয়া ৯ জনের মধ্যে ৫ জন পুরুষ ও ৪ জন নারী। গত ১লা সেপ্টেম্বর ও ২৩শে আগস্ট ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ ৫ জন করে মারা যান। গত ১লা সেপ্টেম্বর একদিনে বছরের সর্বোচ্চ ডেঙ্গু শনাক্ত হয়েছিল ১ হাজার ৩২৪ জনের।