চার-পাঁচ বছরের মধ্যে ভোলাকে স্থলপথে যুক্ত করার পরিকল্পনা আছে

চার-পাঁচ বছরের মধ্যে ভোলাকে স্থলপথে যুক্ত করার পরিকল্পনা আছে

ফন্ট সাইজ:

দ্বীপ জেলা ভোলাকে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যমে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থলপথে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ফেরিঘাট এলাকায় কাঁচপুর-ইলিশা নৌপথে সরাসরি ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ভোলা দীর্ঘদিন ধরে মূল ভূখণ্ড থেকে অনেকটা বিচ্ছিন্ন। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যমে ভোলাকে স্থলপথে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর আগেই জনগণের যোগাযোগের সুবিধার্থে পরীক্ষামূলকভাবে ফেরি সার্ভিস চালু করা হয়েছে। তিনি বলেন, গত ২৭শে আগস্ট থেকে পরীক্ষামূলকভাবে এ রুটে ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে ‘বেগম সুফিয়া কামাল’ ও ‘বেগম রোকেয়া’ নামের দু’টি ফেরি প্রতিদিন উভয়প্রান্ত থেকে চলাচল করছে।

একেকটি যাত্রায় সময় লাগছে প্রায় আট ঘণ্টা। সড়ক যোগাযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্ষা ও বন্যার কারণে যেসব স্থানে সড়কের ক্ষতি হয়েছে, সেগুলো সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি সেতুর আশপাশে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হবে। নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলন করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মন্ত্রী বলেন, “আমাদের মূল লক্ষ্য হচ্ছে মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়ে নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও জনবান্ধব যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান এটিএম আব্দুল বারী, পরিচালক (প্রশাসন) মো. রবিউল আলম, পরিচালক (বাণিজ্য) এসএম আশিকুজ্জামান, পরিচালক (কারিগরি) ক্যাপ্টেন মুহাম্মদ হাসেমুর রহমান চৌধুরী এবং পরিচালক (অর্থ) শেখ মো. নাসিম।