লক্ষ্মীপুরে দীপ্ত টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলমকে সন্ত্রাসীর গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন সাংবাদিক জাহাঙ্গীর। পরে বাহিনী প্রধান সাকিব ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দিয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার আটিয়াতলী এলাকায় এই ঘটনা ঘটে। জাহাঙ্গীর আলম ইনডিপেনডেন্ট টিভির স্টাফ রিপোর্টার ও স্থানীয় দৈনিক মেঘনার তীর পত্রিকার সম্পাদক আব্বাছ হোসেনের ছোট ভাই। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকরা বাহিনী প্রধান সাকিবের বিচার ও জড়িত অন্যদের গ্রেপ্তারের দাবি জানান।
বিষয়টি নিশ্চিত করেন সাংবাদিক আব্বাছ হোসেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, সাংবাদিকতার পাশাপাশি শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত জাহাঙ্গীর আলম। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর শহরের স্কুল থেকে মোটরসাইকেলযোগে বাড়ির দিকে যাওয়ার পথে সদর উপজেলার আটিয়াতলী এলাকায় পৌঁছালে সাকিব বাহিনী প্রধান ও তার কয়েকজন সহযোগীসহ তার পথরোধ করে। একপর্যায়ে তার মোটরসাইকেল কেড়ে নেয়ার চেষ্টা করে।
এতে জাহাঙ্গীর আলম বাধা দিলে তাকে গুলি ছোড়ে। অল্পের জন্য প্রাণে রক্ষা পান জাহাঙ্গীর। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রব জানান, অভিযুক্ত সন্ত্রাসী সাকিবকে আটক করে সদর থানায় পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এ ছাড়া অন্যদের গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানান তিনি।
