গোবিন্দগঞ্জে বালু উত্তোলন বন্ধে অভিযান ইউএনও’র ওপর হামলা

গোবিন্দগঞ্জে বালু উত্তোলন বন্ধে অভিযান ইউএনও’র ওপর হামলা

ফন্ট সাইজ:

করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা। এতে ভ্রাম্যমাণ আদালতের এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। সোমবার রাতে অভিযানের সময় উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, সোমবার বিকাল থেকে পৌর এলাকার বোয়ালিয়া ও উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাতিয়াদহসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত চারটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। পরবর্তীতে সন্ধ্যা ৭টার দিকে বিশ্বনাথপুর এলাকায় ড্রেজার মেশিন ধ্বংস করতে গেলে স্থানীয়রা মসজিদে মাইকিং করে একত্রিত হয়ে (বালুদস্যুরা) ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানাসহ ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের ওপর ইট-পাটকেল ও গাছের ডাল নিক্ষেপ করে হামলা চালায়। এ সময় রাজু শেখ নামে এক শ্রমিক গুরুতর আহত হন।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান ও অতিরিক্ত পুলিশ সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ইউএনওসহ ভ্রাম্যমাণ আদালতে থাকা অন্যান্য সদস্যদের নিরাপদে উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
হামলার বিষয়ে ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, দীর্ঘদিন ধরে করতোয়া নদী থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে কয়েকস্থানে ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। পরবর্তীতে উক্তস্থানে অভিযানে যাওয়া আমাদের লোকজনের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা করা হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।