চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষ ও অস্ত্র প্রদর্শনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা কাটা বন্দুক, ১১টি ধারালো ছুরি, ৩টি কিরিচ, একটি দা ও ১৫টি লাঠি উদ্ধার করা হয়েছে। গত ১লা সেপ্টেম্বর বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ডে পৃথক জনসমাবেশ ও র্যালিকে কেন্দ্র করে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনার ৭ দিন পর অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো- সীতাকুণ্ড পৌরসভার কামরুল হাসান (৪৩), মহালংকা গ্রামের মো. সাদেক আলী (২৮) এবং জঙ্গল সলিমপুর এলাকার মো. হানিফ (৩৪)। গতকাল সকালে চট্টগ্রাম জেলা পুলিশের এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, ঘটনার পর জেলা পুলিশ জড়িতদের শনাক্ত করতে অভিযান শুরু করেছে। এরই ধারাবাহিকতায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সীতাকুণ্ড থানা এলাকায় অভিযান চালিয়ে ছুরি, কিরিচসহ লাঠি উদ্ধার করা হয়। পরবর্তীতে একটি দেশীয় বন্দুকও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মাহিনুল ইসলাম বলেন, গ্রেপ্তার তিনজনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, ঘটনায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।
