ময়মনসিংহে সাথী আক্তার (৩৮) নামে এক তরুণীকে হত্যা মামলায় হৃদয় মিয়া (৩২) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামসুদ্দিন এই রায় দেন। আসামির উপস্থিতিতে বিচারক এই রায় ঘোষণা করেন। রায়ে অর্থদণ্ডের টাকা আসামি হৃদয়ের সম্পত্তি থেকে আদায় করে নিহত পরিবারকে প্রদান করার নির্দেশ দেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত হৃদয় মিয়া নগরীর জুবলী কোয়ার্টার এলাকার জয়নাল মিয়ার ছেলে। নিহত সাথী একই এলাকার মৃত মোফাজ্জল হোসেনের মেয়ে।
সরকারি কৌঁসুলি (পিপি) এড. আনোয়ার আজিজ টুটুল সাথী আক্তার হত্যা মামলায় হৃদয় মিয়ার ফাঁসির আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৯শে মে তারিখে মোবাইল কল দেয়াকে কেন্দ্র করে পারিবারিক বাকবিতণ্ডা ঘটে। এর জেরে পরদিন ৩০শে মে রাত দুইটার দিকে আসামি হৃদয় মিয়া আকুয়া জুবলী কোয়ার্টার এলাকায় ভাড়া বাসায় প্রবেশ করে ছুরি দিয়ে সাথী আক্তারের উপর হামলা চালায়। এসময় সাথী আক্তারের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হৃদয়।
সাথীকে গুরুতর অবস্থায় ফেলে চলে যায় হৃদয়। এতে ঘটনাস্থলেই সাথী আক্তারের মৃত্যু হয়। হত্যার ঘটনায় সাথী আক্তারের বোন শিউলী আক্তার বাদী হয়ে একই এলাকার বাবুল ও হৃদয়ের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় আদালত ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামির মৃত্যুদণ্ড প্রদান করেন।
