পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙ্গামাটি জেলা থেকেই প্রায় ২০ কোটি টাকা চাঁদা আদায় করে বলে দাবি করেছেন রাঙ্গামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক। একইসঙ্গে সাম্প্রতিক বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সংগঠনটির দৃশ্যমান ত্রাণ তৎপরতা না থাকার দাবি তুলে ইউপিডিএফের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। মঙ্গলবার রাঙ্গামাটি মারি স্টেডিয়ামে ‘রাঙ্গামাটি চ্যাম্পিয়নস লীগ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সম্প্রতি পাহাড়ে সেনাবাহিনীর উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে পার্বত্য চুক্তি বিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া বিভিন্ন বক্তব্যের প্রেক্ষিতে রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার বলেন, ইউপিডিএফ পাহাড়ের মানুষের অধিকার আদায়ের কথা বললেও সংগঠনটি বিপুল পরিমাণ চাঁদা আদায় করছে বলে অভিযোগ রয়েছে।
অথচ সাম্প্রতিক বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তাদের উল্লেখযোগ্য কোনো ত্রাণ কার্যক্রম দেখা যায়নি। এ অবস্থায় তারা কাদের জন্য আন্দোলন করছে; এমন প্রশ্নও তোলেন তিনি। তিনি ইউপিডিএফকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে উল্লেখ করে বলেন, চাঁদাবাজিই সংগঠনটির মূল কর্মকাণ্ড। এ বিষয়ে পাহাড়ের সাধারণ মানুষকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি। ইউপিডিএফের প্রতি কঠোর বার্তা দিয়ে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক বলেন, ‘জনগণকে বিরক্ত করবেন না। সেনাবাহিনীকে আপনাদের প্রতিহত করতে হবে না। পাহাড়ের জনগণই আপনাদের প্রতিহত করা শুরু করেছে এবং তারাই আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।’ রিজিয়ন কমান্ডার বলেন, সেনাবাহিনীর কার্যক্রম শুধু নিরাপত্তা বা খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ নয়; দুর্গম পাহাড়ি এলাকার মানুষের কল্যাণেও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি জানান, প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প পরিচালনার পাশাপাশি প্যারামেডিক প্রশিক্ষণ, নারীদের সেলাই প্রশিক্ষণ, চোখের ছানি অপারেশন এবং মেশিন মেরামত ও মেকানিক্যাল ফিটিংয়ের মতো কারিগরি প্রশিক্ষণ দেয়া হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার, জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, ডিজিএফআই রাঙ্গামাটির কর্নেল জিএস শাখার কর্নেল মোহাম্মদ সাদাত বিন শহীদ, ক্রীড়া সংগঠক ও রাঙ্গামাটি জেলা বিএনপি’র সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টু প্রমুখ।
