জুলাইয়ের কথা বাংলাদেশের মানুষ ভুলবে না: মুস্তাফিজুর

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জ-১ আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, তপ্ত বুলেটের সামনে দাঁড়িয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে কীভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়। জুলাইয়ের সেই আত্মত্যাগ বাংলাদেশের মানুষ কখনো ভুলবে না। তিনি বলেন, ধানমণ্ডি রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র, আমাদের ছেলে শহীদ ফারহান ফাইয়াজ আমাদের গণতন্ত্র আর ভোটের অধিকারের জন্য, বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিল। আপনারা বিএনপি রাষ্ট্রক্ষমতায় এনেছেন- বিএনপিও আজীবন জুলাইযোদ্ধাদের পাশে থাকবে।

তাদের পরিবার যেন মনে করেন, বিএনপি তাদেরই পরিবার। মঙ্গলবার দুপুরে তারাবো পৌর অডিটোরিয়ামে শহীদ ফারহান ফাইয়াজ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহিদুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয় ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমুন নাহার। এ ছাড়া শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনীতিবিদ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।