বৃষ্টির অজুহাতে থমকে আছে বানিয়াচং সুজাতপুর সড়ক সংস্কার

বৃষ্টির অজুহাতে থমকে আছে বানিয়াচং সুজাতপুর সড়ক সংস্কার

ফন্ট সাইজ:

হবিগঞ্জ-ইকরাম-সুজাতপুর সড়কসহ দক্ষিণ বানিয়াচংয়ের গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাব, খানাখন্দ এবং বৃষ্টির ফলে কাদা ও বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় এই রুটে যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অনুসন্ধানে জানা যায়, হবিগঞ্জ-বানিয়াচং রোডস অ্যান্ড হাইওয়ে (কইয়ের পাড়) সুজাতপুর সড়কের ৩ হাজার ৭৯০ মিটার পর্যন্ত অংশের পুনঃসংস্কার কাজ চলতি ২০২৬ সালের জানুয়ারি মাসে শুরু হয়েছিল। কাজের সিডিউল অনুযায়ী গত ৫ই মে’র মধ্যে এই কাজ শেষ করার কথা ছিল। কিন্তু মেয়াদের পর আরও কয়েক মাস পার হলেও নামমাত্র কিছু কাজ করে ঠিকাদার পুরো কাজ বন্ধ রেখেছেন। সরজমিন দেখা গেছে, সামান্য বৃষ্টিতেই সড়কের বড় বড় গর্তগুলো যেন ছোটখাটো পুকুরে পরিণত হয়।

জরুরি রোগী ও গর্ভবতী নারীদের হাসপাতালে নেয়া যেমন কঠিন হয়ে পড়ে, তেমনি শিক্ষার্থীরা সময়মতো তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারছে না। ইতিমধ্যে সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে এলাকার ভুক্তভোগী জনসাধারণ জেলা প্রকৌশলী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। এ বিষয়ে বানিয়াচং উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মৃণাল কান্তি বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, জানুয়ারি মাসে ৩ হাজার ৭৯০ মিটার অংশের পুনঃসংস্কার কাজ শুরু হয়েছিল। মাঝপথে ঠিকাদার মো. জহিরুল ইসলাম বৃষ্টির কারণে কাজ করতে পারেননি বলে জানিয়েছেন। অফিস থেকেও তাকে কাজটি শেষ করার জন্য লিখিতভাবে তাগিদ দেয়া হয়েছে।

জনদুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যেই বরাদ্দকৃত এই অংশের পুনঃসংস্কার কাজ পুনরায় শুরু করা হবে বলে তিনি আশ্বস্ত করেন। স্থানীয় ভুক্তভোগীদের দাবি, শুধু অজুহাত না দেখিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন অবিলম্বে ঠিকাদারকে জবাবদিহিতার আওতায় আনেন এবং দ্রুততম সময়ের মধ্যে এই সড়কটির নির্মাণকাজ সম্পন্ন করে লাখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করেন।