মাস পেরিয়ে বছর, বছর পেরিয়ে যুগ তবুও ঝুঁকিপূর্ণ সেতুতেই জীবনের ঝুঁকি নিয়ে হাজারো মানুষের চলাচল। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বালাবাড়ি হাট থেকে সাদুল্লাহ গাড়ি সড়ক সেতুটি ঝুঁকিপূর্ণ ও সংযোগ সড়কটির বেহাল দশা হলেও নজর পড়ছে না কর্তৃপক্ষের।
জানা গেছে, কুড়িগ্রামের চিলমারী উপজেলার বালাবাড়িহাট থেকে সাদুল্লাহগামী সড়কে তিস্তা খালের উপর প্রায় ৪০ বছর আগে নির্মিত সেতুটি এক যুগের বেশি সময় ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে থাকলেও নজর পড়ছে না কর্তৃপক্ষের। ঝুঁকিপূর্ণ সেতুর সংযোগস্থলের সড়কও ভেঙে খানাখন্দ ও গর্ত তৈরি হয়েছে।
উন্নয়নের ধারায় এগিয়ে গেলেও গত এক যুগেও কোনো ছোঁয়া লাগেনি সেতুর গায়ে। ফলে দিনের পর দিন বাড়ছে ঝুঁকি, চরমে উঠেছে ভোগান্তি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতুটির সঙ্গে সংযোগ সড়কের বেহাল দশা থাকলেও দেখার কেউ নেই। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। সেতু নয় যেন মৃত্যুর দুয়ার জানিয়ে শিক্ষার্থী সানজিদা বলেন, সেতুটি ঝুঁকিপূর্ণ কিন্তু কোনো কাজ হচ্ছে না।
ফলে সেতুর কাছে এলেই ভয় বাড়ে। স্থানীয় বাসিন্দা গোলাম মাহবুব বলেন, পথচারীদের পাশাপাশি ছোট ছোট যানবাহন চলাচলে তৈরি হয়েছে চরম ঝুঁকি। দ্রুত নতুন সেতু নির্মাণ করে মানুষের দুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান। অনেকে অভিযোগ করে বলেন, এর আগে প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে মাপজোকঁ করে একটি নতুন ব্রিজ দেয়ার কথা থাকলেও এলজিইডি কর্তৃপক্ষের বাধার কারণে সেটি বন্ধ হয়ে যায়। উপজেলা প্রকৌশলী জুলফিকার আলী বলেন, চাহিদা পাঠানো হয়েছে। আশা করছি দ্রুত দুর্ভোগের সমাধান হবে।
