সৌদি আরবে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এক বিবৃতিতে তিনি সৌদি আরবের বেসামরিক ও জ্বালানি স্থাপনায় হামলাকে ‘কাপুরুষোচিত’ ও ‘বিশ্বাসঘাতকতাপূর্ণ’ বলে অভিহিত করেছেন। বিবৃতিতে শেহবাজ শরিফ বলেন, সৌদি আরবের বেসামরিক ও জ্বালানি স্থাপনায় হুতিদের চালানো কাপুরুষোচিত হামলার আমি তীব্র নিন্দা জানাই।
তিনি বলেন, পাকিস্তান সৌদি বাদশাহ, তার ক্রাউন প্রিন্স এবং ভ্রাতৃপ্রতিম সৌদি জনগণের পাশে রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, এ ধরনের বিশ্বাসঘাতকতাপূর্ণ হামলা নিরপরাধ মানুষের জীবন যেমন হুমকির মুখে ফেলে, তেমনি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকেও বিপন্ন করে।
তিনি সৌদি আরবের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পাকিস্তানের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন।
এর আগে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বেশ কয়েকটি শহরে হামলা চালিয়েছে। এতে নারী ও শিশুসহ অন্তত ৭৩ জন আহত হয়েছেন। এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
