বৃটেনে সালমোনেলা সংক্রমণের ঘটনায় সর্বত্র আতংক ছড়িয়ে পড়েছে। প্রতিদিন এ রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিশেষ করে ডিমের প্রতি মানুষের আতঙ্ক বেড়েছে। বাজার থেকে কেউ ডিম ক্রয় করতে চাচ্ছেন না। এমনকি রেস্তোরাঁগুলোতেও খাবারের সঙ্গে ডিম থেকে সাবধান থাকছেন অনেকেই।
জানা গেছে, সালমোনেলা প্রাদুর্ভাবের সঙ্গে আমদানিকৃত ডিমের সঙ্গে সম্পর্কিত বলে প্রমাণ পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো দেশ বা উৎপাদককে এই প্রাদুর্ভাবের চূড়ান্ত উৎস হিসেবে ঘোষণা করা হয়নি। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ তদন্ত এখনও চলমান রেখেছে।
বৃটিশ হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএ)-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি মাসের ১ তারিখ পর্যন্ত সালমোনেলা এন্টারিটিডিসে আক্রান্তের সংখ্যা ৫২৮ জনে পৌঁছেছে ও দুইজন মৃত্যুবরণ করেছে।
স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আক্রান্ত ব্যক্তিরা সবাই কোন না কোন স্থানীয় ক্যাফে, রেস্তোরাঁ ও টেকঅ্যাওয়ে থেকে খাবার গ্রহণ করার পরই সালমোনেলা রোগে আক্রান্ত হয়েছেন । তবে সতর্কতা অবলম্বন করতে দেশের রেস্তোরাঁ ও খাবারের দোকানে আমদানিকৃত ডিম কীভাবে সংরক্ষণ, ব্যবহার ও রান্না করা হচ্ছে, তা নিয়েও নজরদারি বাড়ানো হচ্ছে।
আক্রান্তদের সালমোনেলা সংক্রমণে লক্ষণ অনুযায়ী, সাধারণত ডায়রিয়া, পেটের খিঁচুনি বা ব্যথা, বমি এবং জ্বরের মতো উপসর্গ দেখা দেয়। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী এবং দুর্বল রোগপ্রতিরোধ ক্ষমতার মানুষের ক্ষেত্রে ঝুঁকি বেশি। গুরুতর ক্ষেত্রে সালমোনেলা সংক্রমণ সেপসিসের মতো জটিলতা তৈরি করতে পারে।
ইউকেএইচএসএ জানিয়েছে, আক্রান্তদের মধ্যে ৩০৫ জন টি৫.৯৪১১ ক্লাস্টারের সঙ্গে যুক্ত এবং এই ক্লাস্টারে একজনের মৃত্যু হয়েছে। আরও ১৮২ জন টি০.২৪০৬৮ ক্লাস্টারের সঙ্গে যুক্ত, যেখানে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তৃতীয় ক্লাস্টার টি৫.৯৭৬৫-এ আক্রান্ত হয়েছেন ৪১ জন এবং সেখানে একজনের মৃত্যু হয়েছে।
ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সি বা এফএসএর পরামর্শ অনুযায়ী, ডিম ভালোভাবে রান্না করা এবং স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ ও ব্যবহার করা হলে খাদ্য নিরাপত্তার ঝুঁকি কম থাকে। শিশু, ছোট বাচ্চা, গর্ভবতী নারী ও বয়স্কদের কাঁচা বা অল্প রান্না করা ডিম খাওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে।
রেস্তোরাঁয় খাবার গ্রহণের সময় ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের কাঁচা বা অল্প রান্না করা ডিমযুক্ত খাবার এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।
এদিকে সাধারণ মানুষকে রান্না ও খাবার তৈরির সময় পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে। ডিম ও কাঁচা মাংস বা পোলট্রি ধরার পর ভালোভাবে হাত ধোয়া, প্যাকেটের নির্দেশনা অনুযায়ী খাবার সংরক্ষণ করা এবং যথাযথ তাপমাত্রায় রান্না করা সালমোনেলা প্রতিরোধে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃটেনে বসবাসকারী মানুষের জন্য তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা হলো, বিশেষ করে রেস্তোরাঁ, ক্যাফে ও টেকঅ্যাওয়ে থেকে ডিমযুক্ত খাবার খাওয়ার সময় কাঁচা বা অল্প রান্না করা ডিমের খাবার এড়িয়ে চলা এবং ডিম সম্পূর্ণভাবে রান্না করা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া।
