এআই ব্যবহারে শিশুদের শিখন দক্ষতা বাড়ানোর তাগিদ শিক্ষামন্ত্রীর

ইউনেস্কো ডিজিটাল লার্নিং সেশন

এআই ব্যবহারে শিশুদের শিখন দক্ষতা বাড়ানোর তাগিদ শিক্ষামন্ত্রীর

ফন্ট সাইজ:

শিশুদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারে সক্ষম করে গড়ে তুলতে হলে তাদের শিখন দক্ষতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো আয়োজিত ‘ডিজিটাল লার্নিং উইক ২০২৬’-এর ‘এডুকেশন ইন দ্য এজ অব এআই’ শীর্ষক সেশনে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশের শিশুদের ফাউন্ডেশনাল লার্নিং বা ভিত্তিমূলক শিক্ষায় এখনও দুর্বলতা রয়েছে। এ কারণে এআই থেকে নিরাপদে সর্বোচ্চ সুবিধা নিতে হলে শিশুদের পড়া, যুক্তি প্রয়োগ এবং তথ্য যাচাইয়ের দক্ষতা বাড়াতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে এআই চালুর ক্ষেত্রে শিক্ষকদের সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি। মন্ত্রী বলেন, কোনো প্রতিষ্ঠানে এআই ক্রয় বা ব্যবহারের আগে শিক্ষকদের সম্পৃক্ত করা প্রয়োজন। এআই চালুর আগে পাইলট প্রজেক্ট, ক্রয়, মূল্যায়ন ও সংশোধন- প্রতিটি প্রক্রিয়ায় শিক্ষকদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এআই ব্যবহারের ফলে অনেক সময় সাশ্রয় হয়। তবে এর অর্থ এই নয় যে সব ক্ষেত্রেই স্বয়ংক্রিয় ব্যবস্থা ব্যবহার করা সম্ভব। একই সঙ্গে সময়ের চাহিদার কারণে এআই থেকে পিছিয়ে থাকারও সুযোগ নেই। উদাহরণ হিসেবে তিনি বলেন, শিক্ষকদের নিয়োগ, পদোন্নতি, মূল্যায়ন কিংবা শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শুধু অটোমেটেড সিস্টেমের ওপর নির্ভর করা সম্ভব নয়।

বিশ্বজুড়ে এআইয়ের ব্যবহার ও জনপ্রিয়তা বাড়লেও শুধু ব্যবহারকারীর সংখ্যা, পাইলট প্রজেক্টের সংখ্যা কিংবা সম্পৃক্ততার হার দিয়ে এর সফলতা বিচার করা উচিত নয় বলে মন্তব্য করেন ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বাংলাদেশে এআইয়ের কার্যকারিতা মূল্যায়নের ক্ষেত্রে লার্নিং আউটকাম, শিক্ষকদের কাজের চাপ, সমতা, নিরাপত্তা এবং ব্যয়-সাশ্রয়ের বিষয়গুলো বিবেচনায় নিতে হবে। একই সঙ্গে শিক্ষকরা কীভাবে এবং কতটুকু এআইয়ের সঙ্গে সম্পৃক্ত হতে পারেন, সেটিও মূল্যায়নের গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত।

অনুষ্ঠানের আজকের সেশনে ২৫টি দেশের মন্ত্রী ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন। ফ্রান্সের প্যারিসে ৮ থেকে ১১ই সেপ্টেম্বর ইউনেস্কো আয়োজিত ‘ডিজিটাল লার্নিং উইক ২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ‘এডুকেশন ইন দ্য এজ অব এআই: ফ্যাক্টস, ফ্রিকশনস, ফ্রন্টিয়ার্স’। বুধবার ‘টিচারর্স অ্যাট দ্য সেন্টার: এজেন্সি, কমপিটিট্যান্স অ্যান্ড দ্য টিচার-স্টুডেন্ট রিলেশনশিপ’ শীর্ষক প্ল্যানারি সেশনে মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের অংশ নেয়ার কথা রয়েছে।