বাংলাদেশ নিয়ে নিজ দেশের নাগরিকদের সতর্ক করলো ইসরাইল

বাংলাদেশ নিয়ে নিজ দেশের নাগরিকদের সতর্ক করলো ইসরাইল

ফন্ট সাইজ:

বাংলাদেশে ভ্রমণ না করতে নিজ দেশের নাগরিকদের পরামর্শ দিয়েছে ইসরাইল। উচ্চ মাত্রার ঝুঁকির কথা উল্লেখ করে দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (এনএসসি) এই সতর্কতা জারি করেছে।
ইহুদিদের ধর্মীয় গুরুত্বপূর্ণ সময় ‘হাই হলি ডেজ’ সামনে রেখে ইসরাইলি ও ইহুদিদের জন্য বিশ্বজুড়ে সন্ত্রাসী হুমকি নিয়ে সতর্কতা জারি করেছে এনএসসি।
এনএসসি জানিয়েছে, বিদেশে অবস্থানরত ইসরাইলি ও ইহুদিদের জন্য ইরান ও দেশটির মিত্র প্রক্সিগুলো এখনো বিশ্বব্যাপী সন্ত্রাসী হুমকির প্রধান উৎস। একই সঙ্গে ইসরাইলবিরোধী বক্তব্য ও উসকানি বেড়ে যাওয়ায় হামলার ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে।

উচ্চ ঝুঁকির কারণে ইসরাইলিদের যেসব দেশে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে, সেই তালিকায় বাংলাদেশের নামও রয়েছে। তালিকায় আরও রয়েছে সোমালিয়া, পাকিস্তান, আফগানিস্তান, লিবিয়া ও আলজেরিয়া।
এনএসসি সতর্ক করে বলেছে, হামাসের ৭ অক্টোবরের হামলার আসন্ন বার্ষিকীকে কেন্দ্র করে উত্তেজনা বাড়তে পারে। এর ফলে সন্ত্রাসী হামলা ও সহিংস বিক্ষোভের ঝুঁকিও বাড়তে পারে।
বিদেশে অবস্থানরত ইসরাইলিদের প্রকাশ্যে ইসরায়েলি বা ইহুদি পরিচয় বহনকারী প্রতীক প্রদর্শন এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে এনএসসি। পাশাপাশি বিক্ষোভ ও রাজনৈতিক সংঘাতের স্থান থেকে দূরে থাকতে এবং ইহুদি সমাবেশস্থলের আশপাশে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এনএসসি আরও বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের তাৎক্ষণিক অবস্থান প্রকাশ করা এড়িয়ে চলা উচিত। বিদেশ ভ্রমণের সময় ইসরাইলিদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং চারপাশের পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকারও পরামর্শ দেয়া হয়েছে।