চট্টগ্রাম নগরের নবীনগর এলাকার বাসিন্দা মোহাম্মদ জামাল। কয়েক বছর আগে বায়েজিদ এলাকার একটি স্টিল মিলে কর্মরত অবস্থায় দুর্ঘটনার শিকার হয়ে দুই পা হারান তিনি। এরপর থেকেই কর্মক্ষমতা হারিয়ে চরম দুর্দশার মধ্যে দিন কাটছিল তার। সংসারের খরচ চালানোসহ স্বাভাবিক জীবনযাপনেও নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছিল জামালকে। দুর্ঘটনার পর জীবিকা নির্বাহের পথও অনেকটা বন্ধ হয়ে যায় তার। শারীরিক প্রতিবন্ধকতার কারণে নিয়মিত কোনো কাজ করতে না পারায় পরিবারের ওপর নির্ভরশীল হয়ে পড়েন তিনি। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতির মধ্যদিয়ে দিন কাটানোর পর তার পাশে দাঁড়িয়েছে সাইফুল ইসলাম সাইফ ফাউন্ডেশন। রোববার বিকালে ফাউন্ডেশনের উদ্যোগে মোহাম্মদ জামালকে একটি ব্যাটারিচালিত রিকশা প্রদান করা হয়। ফাউন্ডেশনের পক্ষ থেকে রিকশাটি তুলে দেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও ফাউন্ডেশনের উদ্যোক্তা সাইফুল ইসলাম সাইফ।
রিকশা পেয়ে মোহাম্মদ জামাল বলেন, দুর্ঘটনার পর থেকেই জীবিকা নির্বাহ নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে ছিলেন তিনি। দুই পা হারানোর পর স্বাভাবিকভাবে চলাফেরা ও কাজ করা কঠিন হয়ে পড়েছিল। এমন দুঃসময়ে ব্যাটারিচালিত রিকশা পেয়ে তিনি নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছেন। এ সহায়তার জন্য সাইফুল ইসলাম সাইফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সাইফুল ইসলাম জানান, সমাজের পিছিয়ে পড়া, অসহায়, দরিদ্র ও কর্মক্ষমতা হারানো মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শুধু তাৎক্ষণিক সহায়তা নয়, অসহায় মানুষকে স্বাবলম্বী করে তুলতে কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়টিকেও গুরুত্ব দেয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় মোহাম্মদ জামালকে ব্যাটারিচালিত রিকশা দেয়া হয়েছে, যাতে তিনি এটি ব্যবহার করে আয়-রোজগারের মাধ্যমে নিজের ও পরিবারের প্রয়োজন মেটাতে পারেন।
