যশোরের অভয়নগরে বাহারুল মল্লিক (৪৫) নামে ‘নিষিদ্ধ চরমপন্থি দলের এক সদস্যের’ গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের মোল্লাবাড়ির বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বাহারুল রানাগাতী গ্রামের হাকিম মল্লিকের ছেলে। তার বিরুদ্ধে একটি নিষিদ্ধ চরমপন্থি দলের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হয়েছে পুলিশ।
স্থানীয়রা জানায়, সকালে তার গুলিবিদ্ধ মরদেহ দেখে পুলিশে খবর দেয়া হলে দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে। বাহারুল একটি নিষিদ্ধ চরমপন্থি দলের সদস্য ছিলেন। নিহতের ভাই বিল্লাল মল্লিক জানান, তার ভাই বাহারুল প্রায় ১৫ বছর আগে বাড়ি থেকে বেরিয়ে যান। মাঝে মধ্যে মোবাইল ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করতেন। সোমবার সকালে এলাকাবাসীর মাধ্যমে ভাইয়ের মৃত্যুর খবর জানতে পারেন তিনি।
এ ব্যাপারে অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শেখ লুৎফর রহমান বলেন, রানাগাতী গ্রামে মোল্লাবাড়ির বাগান থেকে বাহারুল নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তিনি একটি নিষিদ্ধ চরমপন্থি দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ঘটনাস্থল থেকে পিস্তলের এক রাউন্ড ব্যবহৃত বুলেট ও লাল স্কস্টেপে মোড়ানো একটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
