পেকুয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ফন্ট সাইজ:

একটি ভরা কলসিতে হাত দেয়াকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা, পরে মারধর। আর সেই মারধরের অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো ৭০ বছর বয়সী ইউসুফ আলী ওরফে মুন্সী মিয়ার। গত রোববার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ আলী মুড়া এলাকার মৃত কাদের বকসুর ছেলে।
জানা যায়, টিউবওয়েল থেকে পানি নেয়ার পর একটি ভরা কলসিতে হাত দেয়াকে কেন্দ্র করে ইউসুফ আলীর সঙ্গে একই এলাকার মৃত আলী চাঁদের ছেলে নুরুল কাদেরের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে- এরপর নুরুল কাদের, তার ছেলে মুহাম্মদ আকাশ, প্রথম স্ত্রী সালমা বেগম ও দ্বিতীয় স্ত্রী রুকিয়া বেগম ইউসুফ আলীকে মারধর করে। স্থানীয়দের অভিযোগ, মারধরের একপর্যায়ে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান ইউসুফ আলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে একজন বয়স্ক মানুষের মৃত্যুর ঘটনায় এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, ঘটনাটি যেন কোনোভাবেই চাপা না পড়ে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্‌?ঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনা হোক। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ চমেক হাসপাতাল মর্গে রয়েছে। ওসি আরও বলেন, ‘ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’