বিরামপুর সীমান্তে ২৫-৩০ ভারতীয়কে পুশইনের চেষ্টা বিজিবি-গ্রামবাসীর চেষ্টায় ব্যর্থ

ফন্ট সাইজ:

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ২৫ থেকে ৩০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে বিএসএফ সদস্যরা ওই ভারতীয় নাগরিকদের ফিরিয়ে নিতে বাধ্য হয়। গত রোববার রাত প্রায় ১১টার দিকে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর বিওপি’র আওতাধীন গোবিন্দপুর সীমান্তের ২৮৯/৪৬ এস পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদপুর বিওপি’র ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মাহাবুর রহমান। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বিএসএফ সদস্যরা ভারতের কাঁটাতারের বেড়া অতিক্রম করে কয়েকজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন।

বিষয়টি টের পেয়ে স্থানীয়রা চিৎকার করে আশপাশের লোকজনকে সতর্ক করেন। পরে বিজিবি সদস্য ও গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে গেলে বিএসএফ সদস্যরা তাদের ফিরিয়ে নিতে বাধ্য হন। ঘটনার পর সীমান্ত এলাকায় সতর্কতা আরও জোরদার করা হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী রাখেন জাহেনুর বলেন, রাতে বাড়ির পাশের মাঠে দাঁড়িয়ে ছিলাম। এ সময় কয়েকজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে দেখি। আমি চিৎকার করলে পোস্টে থাকা বিজিবি সদস্য ও গ্রামবাসীরা দ্রুত সেখানে উপস্থিত হন। পরে বিএসএফ সদস্যরা তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়।

শূন্যরেখার কাছে বসবাসকারী ভারতীয় নাগরিক নুর ইসলাম জানান, তিনি প্রায় ২৮ জনকে দেখতে পেয়েছেন। তাদের মধ্যে চারজন নারী ও ২৪ জন পুরুষ ছিলেন। তাদের সঙ্গে বিএসএফ ও ভারতীয় পুলিশের কয়েকজন সদস্যও উপস্থিত ছিলেন। রাত ১টার দিকে ওই ব্যক্তিদের ভারতের কাঁটাতারের বেড়ার ভেতরে ফিরে যেতে দেখা যায় বলে জানান তিনি। এ বিষয়ে দাউদপুর বিওপি’র ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মাহাবুর রহমান বলেন, পুশইনের চেষ্টা আমরা প্রতিহত করেছি। স্থানীয় গ্রামবাসীরাও আমাদের সহযোগিতা করেছেন। পুশইন ঠেকাতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।