চার হত্যাকাণ্ড

বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রংপুরে মিছিল

ফন্ট সাইজ:

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। গতকাল রংপুর প্রেস ক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর কাচারী বাজারে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট রংপুর জেলা সমন্বয়ক ও জেলা বাসদের আহ্বায়ক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- গণতান্ত্রিক যুক্তফ্রন্টে কেন্দ্রীয় সমন্বয়ক ও সিপিবি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফি রতন, জাসদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাসদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদ কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য সীমা দত্ত, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির, সিপিবি রংপুর জেলা সাধারণ সম্পাদক কাফি সরকারসহ অন্যরা।

সমাবেশে বক্তারা বলেন, শান্তিপ্রিয় রংপুর এখন আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। মাছুয়াপাড়ায় শিক্ষক পরিবারের চার সদস্যকে হত্যা, অটোরিকশা গ্যারেজ মালিককে হত্যাসহ ১৫ দিনে রংপুরে ৮ থেকে ৯টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। চার হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেপ্তার করলেও এ হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন ও তদন্ত নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। তারা বলেন, মাদকের হটস্পটগুলো পুলিশের অজানা নয়। এরপরেও মাদক কারবারের সঙ্গে জড়িতরা নির্বিঘ্নে মাদকের কারবার করে চলেছে। এতে করে সমাজে খুন, চুরি, ছিনতাইয়ের মতো অপরাধ বাড়ছে। শিক্ষক পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত, প্রকৃত খুনিদের গ্রেপ্তার এবং রংপুরসহ সারা দেশে খুন-ধর্ষণ, ছিনতাই-চাঁদাবাজি ও মাদক বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দরা। এরপর যুক্তফ্রন্টের নেতারা রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদের সঙ্গে সাক্ষাৎ করে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্‌ঘাটন ও প্রকৃত খুনিদের আইনের আওতায় আনার দাবি জানান। বিকালে হত্যাকাণ্ডের শিকার গণপতি চক্রবর্তীর বাড়ি পরিদর্শন করেন নেতারা।